ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা গ্রামে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, ফরিদপুর ১৪৪ ধারা জারি করেছে।মামলার সূত্রে জানা যায়, প্রথম পক্ষের মো. আশরাফ মাতুব্বর অভিযোগ করেন, তাদের পৈত্রিক ও ক্রয়সূত্রে মালিকানাধীন জমিতে দ্বিতীয় পক্ষ জোরপূর্বক প্রবেশ করে গাছপালা কাটা এবং ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে প্রথম পক্ষ আদালতের আশ্রয় নেয়।পরে আদালত উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট থানাকে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ প্রদান করেন।তদন্তকারী কর্মকর্তা এএসআই আজিজুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে কোনো ধরনের নির্মাণ কাজ চলমান পাওয়া যায়নি এবং বর্তমানে সব কাজ বন্ধ রয়েছে। তিনি বলেন, যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, তাই উভয় পক্ষকে নোটিশ দিয়ে ওই জমিতে কোনো ধরনের কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে।এদিকে দ্বিতীয় পক্ষের নান্নু শেখ (৪০), পিতা গোলাপ শেখ, দাবি করেন, তারা ক্রয়সূত্রে ওই জমির মালিক। তিনি বলেন, “মামলায় যদি আদালত রায় দেয়, আমরা জমি ছেড়ে দেব। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।”স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে বিরোধ চললেও বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এলাকায় উত্তেজনা কমে এসেছে। এলাকাবাসী শান্তিপূর্ণ ও আইনি সমাধানের প্রত্যাশা করছেন।