যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রন্টিয়ার এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ধাক্কায় একজন নিহত হয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর বিমানের ইঞ্জিনে অল্প সময়ের জন্য আগুন ধরে যায়, যা পরে দ্রুত নিয়ন্ত্রণে আনে ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট।এয়ারলাইনস কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, কেবিনে ধোঁয়া দেখা দেওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২২৪ জন যাত্রী ও ক্রুকে জরুরি স্লাইড ব্যবহার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি নিরাপত্তা বেষ্টনী ভেঙে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন। রানওয়ে পার হওয়ার সময় তিনি উড্ডয়নের প্রস্তুতিতে থাকা বিমানের ধাক্কায় নিহত হন।স্থানীয় সময় রাত প্রায় ১১টার দিকে ডেনভার থেকে লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটটি উড্ডয়নের সময় এ দুর্ঘটনা ঘটে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগের অডিওতে দেখা যায়, পাইলট উড্ডয়নের অনুমতি পাওয়ার পরপরই জরুরি বার্তা পাঠান এবং জানান যে রানওয়েতে একজন ব্যক্তি ছিলেন এবং সংঘর্ষ হয়েছে, যার ফলে ইঞ্জিনে আগুন ধরে যায়।যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, সংঘর্ষের সময় বিমানটি উচ্চ গতিতে চলছিল। তিনি আরও জানান, নিরাপত্তা বেষ্টনী ভেঙে ওই ব্যক্তি রানওয়েতে প্রবেশ করেন, যা গুরুতর নিরাপত্তা লঙ্ঘন। বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, নিহত ব্যক্তি বিমানবন্দরের কোনো কর্মী ছিলেন না এবং তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। সূত্র: বিবিসি