গাজীপুরের শ্রীপুরে বেকারত্ব দূরীকরণ ও দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে শুরু হয়েছে রাজস্বখাত ভিত্তিক ৭ দিনব্যাপী 'গাভী পালন' বিষয়ক এক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচি। মাওনা ডায়াবেটিক এসোসিয়েশনের সহযোগী সংস্থা 'মাওনা যুব উন্নয়ন এসোসিয়েশন'-এর উদ্যোগে এবং যুব উন্নয়ন অধিদপ্তর, শ্রীপুর-এর বাস্তবায়নে এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।মঙ্গলবার (৫ মে) মাওনায় এই প্রশিক্ষণ কর্মসূচির প্রথম দিন সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার আগ্রহী যুবক ও যুবতীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।প্রশিক্ষণের প্রথম দিনে অংশগ্রহণকারীদের গাভী পালনের প্রাথমিক ও মৌলিক বিষয়াবলি সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। এতে গাভীর সঠিক পরিচর্যা, পুষ্টিকর খাদ্য ব্যবস্থাপনা এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ও আধুনিক চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংশ্লিষ্ট প্রশিক্ষকগণ। বাস্তব অভিজ্ঞতার আলোকে সহজভাবে বিষয়গুলো উপস্থাপন করায় প্রশিক্ষণার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।আয়োজক সূত্রে জানা গেছে, এই প্রশিক্ষণে শুধু তাত্ত্বিক জ্ঞানই নয়, বরং ব্যবহারিক দিকগুলোকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। যাতে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা বাস্তব জীবনে এই জ্ঞান কাজে লাগিয়ে সফল খামারি হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করতে পারেন।মাওনা যুব উন্নয়ন এসোসিয়েশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমান সময়ে বেকারত্ব দূরীকরণে এ ধরনের কারিগরি ও কৃষিভিত্তিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। স্বল্প পুঁজিতে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি এবং যুব সমাজকে দক্ষ ও স্বনির্ভর করে গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এলাকার অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের গঠনমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।