মব সংক্রান্ত ঘটনাকে অন্য বিষয়গুলোর সঙ্গে মিশিয়ে না দেখার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।সোমবার (৪ মে) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।আইনমন্ত্রী বলেন, মব–সংক্রান্ত ঘটনার বিষয়ে বিভ্রান্তি তৈরি করে অন্য বিষয়কে এর সঙ্গে যুক্ত করা উচিত নয়। একই সঙ্গে তিনি জানান, প্রসিকিউশনের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, বিচারপতিদের বয়সসীমা বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে বয়স বাড়ানোর পক্ষপাতী হলেও প্রস্তাব এলে বিষয়টি আলোচনা সাপেক্ষে বিবেচনা করা হবে। বর্তমানে ৬৭ থেকে ৬৫ বছরে বয়সসীমা পরিবর্তনের প্রস্তাব নিয়েও আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।এছাড়া আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশ সংক্রান্ত সিদ্ধান্ত প্রধান বিচারপতি পুনর্বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার প্রথম সফর। সফরকালে তিনি ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম ও অবকাঠামো পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।