ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শেরপুরে মাদক কারবারির বাড়িতে ডিএনসির অভিযান, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় তালিকাভুক্ত এক মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১ লাখ ২০০ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া জেলা কার্যালয়।মঙ্গলবার (৫ মে) গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার গাড়িদহ ইউনিয়নের রনবীর বালা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসির কর্মকর্তারা।ডিএনসি সূত্রে জানা যায়, কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত মোঃ মোমিনুর ইসলাম বাবু (২৭) এর নিজ দখলীয় বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় বাড়ির ভেতরে থাকা একটি লাল রঙের পার্স ব্যাগের মধ্যে নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট থেকে অ্যাম্ফিটামিনযুক্ত ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এছাড়াও একই ব্যাগে রাখা মাদক বিক্রির নগদ ১ লাখ ২০০ টাকা জব্দ করা হয় বলে জানিয়েছে ডিএনসি।তবে অভিযান চলাকালে বিষয়টি টের পেয়ে প্রধান অভিযুক্ত মোমিনুর ইসলাম বাবু পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। ডিএনসির দাবি, তিনি একজন তালিকাভুক্ত মাদক কারবারি এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।এ ঘটনায় শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন ডিএনসির উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহ আলম।ডিএনসি কর্মকর্তারা জানান, পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া ইয়াবার চালানের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আরও জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও জোরদারভাবে চালিয়ে যাওয়া হবে।

শেরপুরে মাদক কারবারির বাড়িতে ডিএনসির অভিযান, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার