চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খলিল মণ্ডল (৪৩) নামের এক কৃষককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।রোববার (১০ মে) দুপুরে উপজেলার উকতো গ্রামের একটি কৃষি মাঠে এই হামলার ঘটনা ঘটে।আহত খলিল মণ্ডল মাখালডাঙ্গা ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মৃত ফজলু রহমানের ছেলে। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, রোববার সকালে খলিল মণ্ডল তার নিজ জমিতে কাজ করছিলেন। এসময় হঠাৎ তার আপন চাচা ইসমেইল ও চাচাতো ভাই খাইরুল দেশীয় অস্ত্র (দা) নিয়ে তার ওপর হামলা চালায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা খলিলকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।আহত খলিল মণ্ডল অভিযোগ করে বলেন, “আমার ছোট ভাই তার পাটক্ষেতে পোকা দমনের বিষ দিয়েছিল। সেই বিষের প্রভাবে পাশের ক্ষেতে থাকা চাচাতো ভাইয়ের দু-একটি গাছের পাতা ক্ষতিগ্রস্ত হতে পারে। কোনো কথা না বলেই তারা আজ ধারালো অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে গুরুতর আহত করেছে।” আহতের ছোট ভাই জলিল জানান, প্রায় এক সপ্তাহ আগে তিনি বিষ দিয়েছিলেন। এরপর কয়েকবার দেখা হলেও চাচা বা চাচাতো ভাই এ নিয়ে কোনো অভিযোগ করেননি। মূলত পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের জানান, খলিল মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেন: আহতের পেট ও পিঠে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে। হামলায় তার বাম হাত ভেঙে গেছে।প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে তিনি এখনো অবগত নন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।