চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন দপ্তরে একযোগে ১১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ তালিকায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রধানও রয়েছেন। রোববার (৩ মে) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, নিরাপত্তা দপ্তরের প্রধান ও ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহিমকে লোকপ্রশাসন বিভাগে বদলি করা হয়েছে। তার স্থলে শিক্ষা অনুষদের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আবদুল মন্নানকে নিরাপত্তা দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া জাদুঘর, গ্রন্থাগার, রেজিস্ট্রার দপ্তরসহ বিভিন্ন প্রশাসনিক ইউনিটে একাধিক কর্মকর্তার পদায়ন ও বদলি করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। তবে নিরাপত্তা প্রধানের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তাকে অভিযোগের ভিত্তিতে নয়, রুটিন বদলির অংশ হিসেবেই সরানো হয়েছে বলে জানানো হয়। এর আগে স্থানীয় সংঘর্ষ ও মামলাকে কেন্দ্র করে নিরাপত্তা প্রধান আবদুর রহিমের ভূমিকা নিয়ে শিক্ষার্থী ও বিভিন্ন পক্ষের মধ্যে সমালোচনা তৈরি হয়েছিল।