ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইছেরদাড়ি খাল খননকাজে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: এমপি রাসেল

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চলমান ইছেরদাড়ি খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল। শুক্রবার বিকেলে সরেজমিনে কাজ পরিদর্শনকালে তিনি খননকাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন।তিনি বলেন, আলমডাঙ্গা পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে নওদা বন্ডবিলের সঙ্গে সংযুক্ত বেলগাছি-নাগদাহ হয়ে প্রবাহিত ইছেরদাড়ি খাল পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে পলি জমে, আগাছা ও দখলের কারণে প্রায় মৃতপ্রায় হয়ে পড়া খালটি বর্ষা মৌসুমে এলাকার দুর্ভোগ বাড়িয়ে তুলেছিল।এমপি রাসেল বলেন, “খালটি পুনঃখননের মূল উদ্দেশ্য হলো পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করা এবং জলাবদ্ধতা দূর করা। কেউ যদি খননকাজে বাধা দেয় বা অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ অপচয়ের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”পরিদর্শনের সময় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তিনি ৮ নম্বর বেলগাছি ইউনিয়নের ফরিদপুর দোয়ারপাড়া কবরস্থান জামে মসজিদ সংলগ্ন এলাকা এবং জমজম মোড় সেতুর পাশের অংশ ঘুরে দেখেন। স্থানীয়রা অভিযোগ করেন, কিছু পুকুর ও স্থাপনার কারণে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।প্রকল্প সূত্রে জানা গেছে, প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ খালটি পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫১ লাখ ৩৬ হাজার টাকা। খালের গড় প্রস্থ হবে ৭ মিটার এবং গভীরতা রাখা হবে প্রায় ১ দশমিক ৫০ মিটার। প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৫ হাজার ২০০ মানুষ সরাসরি উপকৃত হবেন।উল্লেখ্য, প্রায় ৪৫ বছর পর খালটি পুনঃখননের আওতায় এসেছে। গত ১১ এপ্রিল শহীদউদ্দীন চৌধুরী এ্যানী আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করেন। স্থানীয়দের আশা, দ্রুত ও সুষ্ঠুভাবে কাজ শেষ হলে আলমডাঙ্গা উপজেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে।

ইছেরদাড়ি খাল খননকাজে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: এমপি রাসেল